খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)।
রোববার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, একটি প্রতারকচক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের বিভ্রান্ত করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানি দেওয়ার কথা বলে সংশ্লিষ্টদের কাছ থেকে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে টাকা পাঠাতে কিংবা ক্রেডিট কার্ডের তথ্য দিতে প্রলুব্ধ করা হচ্ছে। এ ধরনের প্রস্তাব সম্পূর্ণ প্রতারণা বলে জানিয়েছে ইফা।
প্রকৃতপক্ষে, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের বিষয়টি কীভাবে বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে দেশের মসজিদের সংখ্যা ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের তথ্য সংগ্রহে সহযোগিতা করছে ইসলামিক ফাউন্ডেশন। তবে তথ্য সংগ্রহ মানেই ভাতা বা সম্মানি অনুমোদন নয়—এ বিষয়টি স্পষ্ট করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সর্বসাধারণকে প্রতারকদের ফাঁদে না পড়ার আহ্বান জানিয়ে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ ধরনের কোনো আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে এবং সন্দেহজনক প্রস্তাব পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে।