ইতালিতে সামাজিক সুবিধা ও ভাতা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের বিতর্কিত শর্তকে ‘বৈষম্যমূলক’ ঘোষণা করেছে ইউরোপীয় আদালত।ই ঐতিহাসিক রায়ের ফলে দেশটিতে বসবাসরত হাজার হাজার বিদেশি নাগরিক, বিশেষ করে যারা সুরক্ষা প্রাপ্ত, তারা নতুন করে আইনি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
আদালত জানায়, সরকারি সুবিধা পাওয়ার জন্য ১০ বছর বসবাসের যে শর্ত আরোপ করা হয়েছিল, তা পরোক্ষভাবে বিদেশি নাগরিকদের প্রতি বৈষম্য সৃষ্টি করে। এছাড়া এই শর্ত অভিবাসীদের সামাজিকভাবে একীভূত হওয়ার পথেও বাধা হয়ে দাঁড়ায়। ইউরোপীয় আইনে শরণার্থী ও সুরক্ষা প্রাপ্ত ব্যক্তিদের স্থানীয় নাগরিকদের মতো সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে বলেও উল্লেখ করা হয়।
ঘটনার সূত্রপাত ২০২২ সালে বেরগামো শহরের এক অভিবাসীর আবেদনের মাধ্যমে। তার নাগরিক ভাতা বাতিল করে দেওয়া হয়েছিল এবং পূর্বে প্রাপ্ত ১৩ হাজার ইউরো ফেরত দিতে বলা হয়, যা নিয়ে আইনি লড়াই শুরু হয়।
এদিকে ইতালির বর্তমান সরকার ২০২৪ সাল থেকে নাগরিক ভাতা বাতিল করে ‘অন্তর্ভুক্তি ভাতা’ চালু করেছে, যেখানে ৫ বছর বসবাসের শর্ত রাখা হয়েছে। তবে আদালতের এই রায়ের পর নতুন এই শর্ত নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিবাসন বিষয়ক সংগঠন ইতালির অভিবাসন বিষয়ক আইনজীবী সমিতি প্রশাসনের কাছে অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া স্থগিত এবং অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে দ্রুত আইন সংশোধনের দাবি জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই রায় ভবিষ্যতে অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।