২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপজুড়ে দারুল ক্বিরাতের কার্যক্রমে ব্যাপক সাড়া সংগ্রহীত ছবি

প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটির ধর্মীয় শিক্ষায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন তিলাওয়াত ও তাজবিদ শিক্ষা কার্যক্রম। ব্রিটেনসহ ইউরোপের প্রায় ৭০টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ উদ্যোগে বিপুল আগ্রহ দেখাচ্ছেন শিশু-কিশোর ও তরুণ শিক্ষার্থীরা।

এরই ধারাবাহিকতায় স্পেনের রাজধানী মাদ্রিদের শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জমজমাট পরিবেশে শুরু হয়েছে চলতি বছরের গ্রীষ্মকালীন কোর্স। ধর্মীয় আবহে সাজানো এ শিক্ষাকেন্দ্রে প্রতিদিনই প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের।

জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে লতিফিয়া ক্বারী সোসাইটির তত্ত্বাবধানে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে ক্লাস কার্যক্রম। সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে পাঠদান। চার সপ্তাহব্যাপী এ কোর্স শেষে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে চূড়ান্ত পরীক্ষা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেশন শেষ হবে।

মাদ্রিদ শাখায় সাতজন অভিজ্ঞ শিক্ষক শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত ও তাজবিদ শিক্ষা দিচ্ছেন। প্রধান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ মো. উসমান খান শামীম। শাখা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে রয়েছেন হাফিজ আবুল কাসেম। এছাড়া সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, হাফিজ মুজাহিদুল ইসলাম, ক্বারী মাওলানা মোফাচ্ছির আহমেদ, ক্বারী আতিকুর রহমান, ক্বারী মিজানুর রহমান এবং ক্বারীয়া খাদিজাতুল জান্নাত।

সংশ্লিষ্টরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ কোরআন তিলাওয়াত শেখার আগ্রহ ক্রমেই বাড়ছে। এ ধরনের উদ্যোগ তাদের ধর্মীয় মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, মহাগ্রন্থ আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদানে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট একটি সুপ্রতিষ্ঠিত নাম। এর প্রতিষ্ঠাতা জৌনপুরী সিলসিলার বিশিষ্ট আলেম আল্লামা মোহাম্মদ আব্দুল লতীফ চৌধুরী (র.)। ১৯৫০ সালে প্রতিষ্ঠার পর থেকে ট্রাস্টটি দেশ-বিদেশে কিরাত শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

বর্তমানে বাংলাদেশ ছাড়াও ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং উত্তর আমেরিকায় এ ট্রাস্টের কার্যক্রম বিস্তৃত। প্রতি বছর রমজান মৌসুমে প্রায় দুই হাজারেরও বেশি শাখা কেন্দ্রে লাখো শিক্ষার্থী পবিত্র কোরআনের শুদ্ধ তিলাওয়াত শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

ধর্মীয় শিক্ষার এই ধারাবাহিক উদ্যোগ প্রবাসী সমাজে নৈতিকতা ও আধ্যাত্মিক চর্চাকে আরও সুসংহত করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Home R3