মেজর জেনারেল মোহসেন রেজায়ি
কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও প্রয়োজনে হরমুজ প্রণালিতে যেকোনো নৌ অবরোধ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবের নেতার উপদেষ্টা ও সাবেক আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজায়ি।
সোমবার (৯ জুন) রাশিয়া টুডে টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা বর্তমানে আলোচনার মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করছি। তবে নৌ অবরোধ আমাদের অধিকারের লঙ্ঘন—এটি আমরা মেনে নেব না এবং যেকোনো অবরোধ ভেঙে দেব।”
রেজায়ি বলেন, ইরান কখনোই তার বৈধ অধিকার লঙ্ঘন হতে দেবে না এবং সার্বভৌমত্ব রক্ষায় দেশটি সর্বদা প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, “আমরা আলোচনায় আন্তরিক, তবে আত্মরক্ষার বিষয়ে তার চেয়েও বেশি আন্তরিক।”
পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, ইরান আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি (এনপিটি)-এর কাঠামোর মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। এ অধিকার থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করেন তিনি।
তিনি আরও বলেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে সিদ্ধান্ত নেবে ইরান নিজেই এবং এ বিষয়ে কোনো শর্ত গ্রহণ করা হবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে রেজায়ি বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আওতায় ইরানি জনগণের অধিকার সম্পূর্ণভাবে স্বীকৃতি পেলেই কেবল কোনো চুক্তি সম্ভব। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান ও নীতিগত পরিবর্তনশীলতার কারণে প্রকৃত চুক্তি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।
সাক্ষাৎকারে তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক পরিস্থিতিতে ইরান বিশ্ববাসীর সামনে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও অবিশ্বস্ত আচরণ তুলে ধরতে সক্ষম হয়েছে।
রেজায়ি বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত থাকলেও কোনো বৈরী সামরিক অবরোধ কঠোরভাবে প্রতিহত করা হবে।
সূত্র: প্রেস টিভি