ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলছে ব্যাপক যুদ্ধ। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, পাকিস্তানের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন। সেখানে একজন দারুণ জেনারেল আছেন। তাদের দুজনকে আমি খুবই সম্মান করি। পাকিস্তান এখন অসাধারণভাবে ভালো করছে আমার মনে হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন ট্রাম্প।
এদিকে যুদ্ধ আফগানিস্তানের মানবিক সংকটকে আরও খারাপ করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সহায়তা পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের মানবিক কর্মীরা লক্ষ্য করেছেন যে বছরের পর বছর ধরে সংঘাত, দারিদ্র্য এবং প্রাকৃতিক দুর্যোগের পরে আফগানিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যার ইতিমধ্যেই মানবিক সহায়তার প্রয়োজন।
সূত্র: আল জাজিরা