মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করে ইরানে সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে আতঙ্কিত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর।
বুধবার (২৮ জানুয়ারি) খামেনির দপ্তর থেকে আট মিনিটের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির শিরোনাম— ‘God Is Enough’ (আল্লাহই যথেষ্ট)। এতে গত কয়েক দশকে দেওয়া খামেনির বিভিন্ন ভাষণের নির্বাচিত অংশ সংকলন করা হয়েছে।
ভিডিও বার্তায় খামেনি জনগণকে ভয় না পাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং দেশবাসীকে মানসিকভাবে দৃঢ় ও সাহসী থাকার পরামর্শ দেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানের ভেতরে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় এই বার্তা এলো। বিশ্লেষকদের মতে, ভিডিওটির মাধ্যমে জনগণকে মানসিকভাবে স্থির রাখার পাশাপাশি আত্মবিশ্বাস জোরদার করার চেষ্টা করেছে তেহরান।
এদিকে মধ্যপ্রাচ্যে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটির নাম ইউএসএস আব্রাহাম লিংকন। ৩৩৩ মিটার দৈর্ঘ্যের এই বিমানবাহী রণতরীটি ঘণ্টায় সর্বোচ্চ ৫৬ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এতে প্রায় ৯০টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার বহনের সুবিধা রয়েছে।
রণতরীটিতে থাকা যুদ্ধবিমানের মধ্যে রয়েছে এফ-৩৫সি (স্টেলথ), এফ/এ-১৮ ইএফ (সুপার হরনেট), ই-২ডি হকআই, ইএ-১৮জি গ্রাউলার এবং এমএইচ-৬০আর/এস সিহক হেলিকপ্টার। পুরো রণতরীটিতে দায়িত্বে রয়েছে প্রায় ৫ হাজার ৬৮০ জন নাবিক ও ক্রু সদস্য।