১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আকাশে উড়তে উড়তে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ লিসবনগামী যাত্রীদের

স্পেনের আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য। সূর্যগ্রহণের সময় মাটিতে নয়, প্রায় ১১ হাজার মিটার উচ্চতায় উড়ন্ত বিমানের জানালা থেকেই পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন লিসবনগামী যাত্রীরা। স্পেনের ভুয়েলিংয়ের দুটি ফ্লাইট সরাসরি সূর্যগ্রহণের পূর্ণতার পথ অতিক্রম করবে।

স্পেনের স্বল্পমূল্যের বিমান সংস্থা ভুয়েলিং জানিয়েছে, বুধবারের (১২ আগস্ট) সূর্যগ্রহণের সঙ্গে তাদের ১১টি ফ্লাইটের সময় মিলে যাচ্ছে। এর মধ্যে দুটি ফ্লাইটে যাত্রীরা আকাশ থেকেই পুরোপুরি সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন।

ফ্লাইট দুটি স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বার্সেলোনা এবং বালিয়ারিক দ্বীপপুঞ্জের পালমা দে মায়োর্কা থেকে পর্তুগালের রাজধানী লিসবনের উদ্দেশে ছেড়ে যাবে।

বিমান সংস্থাটি জানিয়েছে, এসব উড়োজাহাজ ৩০ হাজার থেকে ৩৬ হাজার ফুট উচ্চতায়, অর্থাৎ প্রায় ৯ হাজার থেকে ১১ হাজার মিটার ওপর দিয়ে সূর্যগ্রহণের পথ অতিক্রম করবে।

নির্ধারিত রুট ও সময় অনুযায়ী, বার্সেলোনা-লিসবন এবং পালমা দে মায়োর্কা-লিসবন ফ্লাইটের যাত্রীরা সূর্যগ্রহণের পূর্ণ পর্যায়ের সঙ্গে সরাসরি মিল পাবেন। এ সময় চাঁদ কয়েক মুহূর্তের জন্য পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলবে।

এ ছাড়া ভুয়েলিংয়ের আরও নয়টি ফ্লাইট সূর্যগ্রহণের পূর্ণতার পথের কাছাকাছি এলাকা অতিক্রম করবে। আবহাওয়া অনুকূলে থাকলে এসব ফ্লাইটের যাত্রীরা আংশিক সূর্যগ্রহণ দেখতে পারবেন।

এসব ফ্লাইটের মধ্যে রয়েছে লিসবন থেকে বার্সেলোনা, বিলবাও ও আলিকান্তে; সেভিয়া থেকে সান্তিয়াগো দে কমপোস্তেলা; বার্সেলোনা, ইবিজা, ভ্যালেন্সিয়া ও মালাগা থেকে প্যারিস এবং ইবিজা ও মালাগা থেকে সেভিয়াগামী ফ্লাইট।

ভুয়েলিং জানিয়েছে, সূর্যগ্রহণ দেখার সময় যাত্রীদের নিরাপত্তার জন্য বিমানে বিশেষ চশমা সরবরাহ করা হবে। এর মাধ্যমে বিমানের জানালা দিয়ে পর্যাপ্ত সুরক্ষা নিয়ে যাত্রীরা এই মহাজাগতিক দৃশ্য দেখতে পারবেন।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রত্যয়িত সুরক্ষা ফিল্টার ছাড়া সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের মারাত্মক ও স্থায়ী ক্ষতি হতে পারে। এমনকি সূর্যগ্রহণের আংশিক পর্যায়েও খালি চোখে সূর্যের দিকে তাকানো নিরাপদ নয়।

ভুয়েলিং আরও জানিয়েছে, তাদের বিমান চলাচলের নেটওয়ার্ক সূর্যগ্রহণের পূর্ণতার পথে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে সংযুক্ত। এর মধ্যে কান্তাব্রিয়ান উপকূল, আটলান্টিক উপকূল থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকা রয়েছে।

আগামী ১২ আগস্টের এই সূর্যগ্রহণ ১৯০৫ সালের পর প্রথমবারের মতো আইবেরীয় উপদ্বীপ থেকে দৃশ্যমান পূর্ণ সূর্যগ্রহণ হতে যাচ্ছে।

সূত্র : দ্য রেসিডেন্ট

Home R3