স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে এবং দলটি বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না।
শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সে সময় তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয়েছিল। অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হয়েছি—এটি পর্দার অন্তরালের কথা।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে গেছে। তারা এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না।”
তিনি আরও জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
দেশের ভবিষ্যৎ উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।”
এ সময় তিনি সতর্ক করে বলেন, “জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করে। চেতনা বিক্রি করা ভালো নয়। যারা এমনটি করবে, দেশের মানুষ তাদের পরিণতি দেখবে।”