দেশীয় অস্ত্রের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির বৃহত্তম প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স ‘পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজ’ (পিওএফ)-এ নতুন দুটি শিল্পকারখানা চালু করা হচ্ছে।
শনিবার (২৯ আগস্ট) ওয়াহতে অবস্থিত পিওএফ কমপ্লেক্স পরিদর্শন করেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এ সময় তিনি কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা, রপ্তানি সম্ভাবনা এবং জাতীয় প্রতিরক্ষায় এর সামগ্রিক ভূমিকা পর্যালোচনা করেন।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, পিওএফ-এর আধুনিকায়ন এবং অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এই নতুন দুটি কারখানা স্থাপন করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ ইউনিট দুটি পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে। তবে কারখানাগুলোতে নির্দিষ্ট কী ধরনের অস্ত্র বা গোলাবারুদ উৎপাদিত হবে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
পরিদর্শনকালে আসিম মুনির পাকিস্তানে নকশাকৃত ও উৎপাদিত বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদের সফল পরীক্ষামূলক কার্যক্রম প্রত্যক্ষ করেন। আইএসপিআর উল্লেখ করেছে, এই উদ্যোগ পাকিস্তানের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে আরও এগিয়ে নেবে।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের তৈরি গোলাবারুদ, ড্রোন, প্রশিক্ষণ বিমান ও যুদ্ধবিমানের চাহিদা ও আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ব প্রতিরক্ষা বাজারে নিজেদের রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারণ করতে চাইছে ইসলামাবাদ।
সূত্র: আরব নিউজ