রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
হাসপাতালটির মামলার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতারে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে—এমন নজির নেই।
তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং স্বল্প সময়ের মধ্যেই এর নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন।
সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, পুশ-ইন ইস্যুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, জিরো লাইনে কোনো হত্যাকাণ্ড ঘটলে সেটিকে সীমান্ত হত্যা হিসেবে বিবেচনা করা হয়; তবে নিজ নিজ দেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধজনিত হত্যাকে সীমান্ত হত্যা বলা যাবে না।
সংশ্লিষ্ট ঘটনাগুলো নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।