২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ বাংলাদেশি নিহত: কলকাতার সেই হোটেল মালিক গ্রেপ্তার

কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২২ আগস্ট) বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গত মঙ্গলবার মধ্যরাতে পাঁচতলা ভবনটিতে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন ভারতীয় এবং সাতজন বাংলাদেশি নাগরিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

অগ্নিকাণ্ডের পর ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, পাঁচতলা ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ভবনে জরুরি নির্গমনের জন্য ছিল মাত্র একটি লোহার সিঁড়ি এবং একটি লিফট, যা দুর্ঘটনার সময় পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভবনের তৃতীয় ও পঞ্চম তলায় পরিচালিত শিখা ইন হোটেলটি বীরেশ্বর মিত্র দুই ভাগে ভাগ করে আলাদা ব্যক্তিদের কাছে লিজ দিয়েছিলেন। একটি অংশের দায়িত্বে ছিলেন আবু জাফর এবং অন্য অংশ পরিচালনা করতেন উমেশ ও জিতেন্দ্র সিং।

এ ঘটনায় এর আগে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উমেশ ও জিতেন্দ্র সিংকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের কারণ ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Home R3