৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ বছর বয়সে এআই দিয়ে অ্যাপ বানিয়ে ৩ দিনে আয় সাড়ে তিন লাখ টাকা

মাত্র ১৩ বছর বয়সে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে একটি অ্যাপ তৈরি করে তিন দিনে প্রায় সাড়ে তিন লাখ টাকা আয় করেছে চীনের এক কিশোরী। তার নাম ঝু শুহান। সে সাংহাইয়ের একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

শুহানের তৈরি ‘জাই চ্যাং’ নামের অ্যাপটি ভার্চুয়াল অভিভাবকের মতো কাজ করে। কোনো অভিভাবক নিজের ছবি আপলোড করলে অ্যাপটি সেই ছবি ব্যবহার করে একটি ভার্চুয়াল চরিত্র তৈরি করে। এরপর শিশু পড়াশোনা করার সময় ক্যামেরার মাধ্যমে তার কার্যক্রম পর্যবেক্ষণ করে। শিশু মোবাইল ব্যবহার করলে বা পড়ার জায়গা ছেড়ে গেলে ভার্চুয়াল অভিভাবক তাকে কণ্ঠস্বরের মাধ্যমে সতর্ক করে। পড়া শেষে অ্যাপটি শিশুর মনোযোগের ওপর একটি প্রতিবেদনও তৈরি করে।

শুহানের আগে কোনো প্রোগ্রামিং অভিজ্ঞতা ছিল না। গত বছর থেকে এআই শেখা শুরু করে সে। নিজের ভাষায় এআইকে ধারণা বুঝিয়ে প্রয়োজনীয় কোড তৈরি করে নেয়। অ্যাপটির নকশা ও বিভিন্ন ফিচার তৈরিসহ পুরো কাজ শেষ করতে তার মাত্র তিন থেকে চার দিন সময় লাগে।

গত ২১ থেকে ২৩ আগস্ট হাংজৌতে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের একটি এআই পণ্য বিপণন প্রতিযোগিতায় অ্যাপটি ৯০টি অর্ডার পায়। তিন দিনে বিক্রি হয় ১৮ হাজার ইউয়ানের পণ্য। এই আয় তাকে প্রতিযোগিতায় তৃতীয় স্থান এনে দেয়। পুরস্কার হিসেবে পায় আরও ৫ হাজার ইউয়ান।

শুহান জানিয়েছে, নিজের অভিজ্ঞতা থেকেই অ্যাপটি তৈরির ধারণা পেয়েছে। বাবা-মা কাজে ব্যস্ত থাকায় পড়ার সময় তাকে একা থাকতে হতো। ফলে প্রায়ই তার মনোযোগ অন্যদিকে চলে যেত এবং কখনো লুকিয়ে মোবাইলও ব্যবহার করত। একই সমস্যার কথা সে সহপাঠীদের মধ্যেও দেখেছে।

শিশুদের ওপর চাপ তৈরি না করে কোমলভাবে পড়াশোনায় সহায়তা করাই তার লক্ষ্য। তাই অ্যাপটির প্রাথমিক সংস্করণে থাকা ‘মা রেগে যাচ্ছে’ নামের সতর্কতামূলক ফিচারটিও পরে বাদ দেয় সে।

শুহান এখন অ্যাপটি আরও উন্নত করে কম দামে বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চায়। মাত্র ১৩ বছর বয়সে এআইয়ের সহায়তায় ব্যবহারযোগ্য একটি অ্যাপ তৈরি করে আয় করার ঘটনা চীনে নতুন প্রজন্মের এআইভিত্তিক উদ্যোগের একটি উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে।

Home R3