রাজধানীর বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহে নির্ধারিত বিলের সীমা নির্ধারণ করে কঠোর অবস্থানে গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাড়িপ্রতি ১০০ টাকার বেশি বিল আদায় করলে এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন অপসারণ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।
সোমবার (১১ মে) নগর ভবন অডিটরিয়ামে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর (পিসিএসপি) সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানান ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
সভায় তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে—অনেক প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি বিল আদায় করছে এবং নিয়মিত ময়লা সংগ্রহ করছে না। এসব অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।
প্রশাসক স্পষ্টভাবে নির্দেশনা দেন, প্রতিটি বাসাবাড়ি বা ফ্ল্যাট থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা বিল নিতে হবে এবং তা নির্ধারিত রশিদের মাধ্যমে আদায় করতে হবে। পাশাপাশি প্রতিদিনের ময়লা প্রতিদিনই অপসারণ নিশ্চিত করতে হবে, যাতে কোথাও বর্জ্য জমে না থাকে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ প্রস্তুতির কথাও জানানো হয়। ঈদের তিন দিন কোনো পরিচ্ছন্নতা কর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না এবং প্রতিটি ওয়ার্ড সম্পূর্ণ বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করতে হবে।
এছাড়া ঠিকাদারদের সরাসরি তদারকি নিশ্চিত করা, পর্যাপ্ত জনবল ও ভ্যান সরবরাহ, নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পরিচ্ছন্ন পোশাকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, নির্ধারিত স্থানের বাইরে রাস্তায় বা খালে ময়লা ফেললে সংশ্লিষ্ট বাসার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। চুক্তির শর্ত লঙ্ঘন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।