৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হুড়োহুড়িতে আদালতের সিঁড়িতে পড়ে গেলেন সাবেক স্পিকার শিরীন

ঢাকার মহানগর হাকিম আদালত থেকে সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়িতে পড়ে গেছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় কয়েকজন নারী পুলিশ সদস্যও পড়ে যান। পরে পুলিশ সদস্যরা তাকে দ্রুত তুলে নেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) জুলাই আন্দোলনের সময় আশরাফুল হত্যাচেষ্টা মামলায় রিমান্ড ও জামিন আবেদন নাকচের পর আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে ভোরে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুপুরে তদন্ত কর্মকর্তা দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুনানির সময় আদালত কক্ষে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এজলাসে তোলার পর তিনি কাঠগড়ায় দাঁড়ান এবং উপস্থিত কয়েকজন আইনজীবীর সালামের জবাব দেন।

আদেশের পর তাকে দ্রুত হাজতখানায় নেওয়ার সময় আদালতের সিঁড়িতে হুড়োহুড়ির সৃষ্টি হলে তিনি পড়ে যান।

এদিকে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মামলার তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর এলাকায় হামলার ঘটনায় আশরাফুল নামে এক ব্যক্তি আহত হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর শিরীন শারমিন চৌধুরী মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নেন এবং টানা তিন মেয়াদে এ পদে ছিলেন।