সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ জন রয়েছেন বলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে রিয়াদের ওই সোফা কারখানায় এ আগুন লাগে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে ১৬ জন মারা যাওয়ার তথ্য দিয়েছেন রিয়াদ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। আগুনে পুড়ে চরমভাবে বিকৃত হয়ে যাওয়ায় মৃতদেহগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বীর বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের চূড়ান্ত সংখ্যা এখনো যাচাই করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম ও প্রক্রিয়া শেষ হলে প্রকৃত সংখ্যা নিশ্চিত করা হবে।
নওগাঁ জেলা প্রশাসন ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, আত্রাই উপজেলার ১০ বাসিন্দার মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে গন্ডগোহালী, বিশা, উদনপৈ, ডুবাই, কালিকাপুর ও পারকাসুন্দা গ্রামের বাসিন্দারা রয়েছেন। তারা হলেন—সাগর (৩১), মজিদুল (৩৪), ফরিদ শেখ (৩২), সুমন (৩৫), হাসিবুল হাসান (২৭), মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং আবদুল জলিল (৩৮)।
অন্যদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন জানান, নিহতদের মধ্যে তাঁর ইউনিয়নের তিন বাসিন্দা রয়েছেন। তাঁরা হলেন—নলডাঙ্গার শ্রীপুরপাড়ার সাব্বির হোসেন সোহাগ, দিঘীর পাড়ের শামীম হোসেন এবং মহিষডাঙ্গার রবিউল আওয়াল হৃদয়।
নিহতদের পরিবারে এখন মাতম চলছে। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও রিয়াদ দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।