বর্তমান বৈশ্বিক বাস্তবতার নিরিখে ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন রূপরেখা নির্ধারণ করতে আগামী মাসের প্রথম সপ্তাহে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের কূটনীতি সামলানোর দায়িত্ব নেওয়ার পর এটিই হবে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বেইজিং সফর।
এই সফরে মোংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা মহাপরিকল্পনা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় চীনের কাছে ২০০ কোটি ডলারের সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে জানা গেছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে আগামী ৫ থেকে ৬ মে বেইজিং সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ঢাকা-বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো তার এই সফরের সূচি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই সফরে তার সফরসঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বেইজিং সফরকালে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান।