২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সচিবালয়ে আজ “ফ্যামিলি কার্ড” বিষয়ে সভা করবেন প্রধানমন্ত্রী

ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম দ্রুতই শুরুর করার চেষ্টা করছে বিএনপি। এরই মধ্যে দিনক্ষণ ও এলাকা চূড়ান্ত করা হয়েছে। ১৪ সদস্যের কমিটিও গঠন হয়েছে। এরই মধ্যে আজ আবার সচিবালয়ে গুরুত্বপূর্ণ সভা ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিউমুরিং টার্মিনাল বিষয়ে সভা শুরু হয়েছে। এরপর দুপুর ১২টায় ফ্যামিলি কার্ড বিষয়ে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় অংশ নেবেন অর্থ, পররাষ্ট্র, আইন, খাদ্য, কৃষি মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান।

জানা গেছে, একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে। প্রথম ধাপে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরবর্তীকালে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে।

এদিকে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যুতে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির সভাপতি করা হয়েছে। তার নেতৃত্বে এই কমিটিতে ১৪ জন সদস্য রয়েছেন।

কমিটির সদস্যরা হলেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদসচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থসচিব, তথ্যসচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনাসচিব ও সমাজকল্যাণ সচিব।