১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সংবিধান অনুযায়ী এ সময়ে নির্বাচন হওয়ার কথা ছিল না: নাহিদ ইসলাম

সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী বর্তমান সময়ে নির্বাচন হওয়ার কথা ছিল না। তিনি বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বর্তমান সরকার ও নির্বাচনকে ব্যাখ্যা করতে হবে।

রোববার (১৫ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংবিধানে এখন অনেক কিছু আছে, যা এই সরকার করছে না। শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর আইন রয়েছে, আরও অনেক আইন ও বাস্তবতা আছে। কিন্তু সেগুলো কি এই সরকার বা অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করছে—সেটি প্রশ্নসাপেক্ষ।

তিনি বলেন, আমরা আগেও বলেছি—অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন, এই নির্বাচন ও সরকার—সবকিছুকে সংবিধান দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়। এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে। যদিও সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনেই সরকার গঠিত হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানের বিষয়টি বিবেচনায় না নিলে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। তার মতে, গণঅভ্যুত্থানই সংস্কার, অন্তর্বর্তী সরকার এবং এই নির্বাচনের বৈধতার ভিত্তি।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়নি। পরবর্তী সংসদে এসে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বিষয়গুলো সমাধানের কথা ছিল। কিন্তু সরকার যদি সেই সমঝোতা নষ্ট করার চেষ্টা করে, তাহলে জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে এবং তারাও প্রতিবাদে শামিল হবেন।