১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

শরিয়াহর বিধান মেনেই রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার আফগানিস্তানের সর্বোচ্চ নেতার

শরিয়াহর বিধান মেনেই রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার আফগানিস্তানের সর্বোচ্চ নেতার

ইসলামি শরিয়াহর বিধান মেনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা (আমিরুল মু’মিনীন) শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শরিয়াহবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর নেই। আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ ও আরিয়ানা নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কান্দাহারের সামরিক বিমানঘাঁটিতে ইমারাতে ইসলামিয়ার পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আখুন্দজাদা বলেন, “আমি আপনাদের ওপর শরিয়াহর বিধান জারি করি এবং তা বাস্তবায়ন করি। শরিয়াহবিরোধী কোনো কাজ করার অনুমতি আমার নেই এবং আমি অঙ্গীকার করছি, শরিয়াহ অনুযায়ীই চলব। যে শরিয়াহ আমি আপনাদের ওপর বাস্তবায়ন করি, সেই শরিয়াহ নিজের ওপরও বাস্তবায়ন করি এবং নিজেকেও এর বিধানের অধীন মনে করি।”

আফগান সুপ্রিম লিডার দাবি করেন, পূর্বের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সরকার সারা দেশে দৃঢ় কর্তৃত্ব বজায় রেখেছে। ইসলামি শরিয়াহর কাঠামোর ভেতরে থেকেই আফগানিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।

ইমারাতে ইসলামিয়াকে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি না দেওয়ায় আন্তর্জাতিক মহলের দ্বিচারিতার সমালোচনা করে তিনি বলেন, “আগের সরকার, যার একটি জেলার ওপরও পূর্ণ নিয়ন্ত্রণ ছিল না, সেই সরকারকে বিশ্ব স্বীকৃতি দিয়েছিল। আজ ইমারাতে ইসলামিয়ার সরকার পুরো আফগানিস্তান সফলভাবে নিয়ন্ত্রণ করছে, অথচ এটিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না।”

তিনি সাফ জানিয়ে দেন, শরিয়াহবিরোধী কোনো ধরনের আন্তর্জাতিক দাবি বা শর্ত আফগানিস্তান মেনে নেবে না। জনগণের ধর্মীয় ও আল্লাহপ্রদত্ত অধিকার রক্ষা, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি নীতিমালার সঠিক প্রয়োগের ওপর তিনি গুরুত্ব দেন।

বক্তব্যের শেষাংশে তিনি দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকা এবং নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানান। একই সাথে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শত্রুদের বিদ্বেষপূর্ণ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আফগান জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

Home R3