ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামি শরিয়াহর কাঠামোর মধ্যেই আফগানিস্তানের নারীদের অধিকার নিশ্চিত করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসির নারীবিষয়ক নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
মুজাহিদ বলেন, মুসলিম দেশ ও জনগোষ্ঠীর কল্যাণে ওআইসির প্রচেষ্টা প্রশংসনীয় এবং ইমারাতে ইসলামিয়া এসব উদ্যোগকে সমর্থন করে। তিনি উল্লেখ করেন, একটি ইসলামি সংগঠন হিসেবে ওআইসি নারীদের জন্য ইসলাম প্রদত্ত অধিকারকে স্বীকৃতি দেয়।
তিনি আরও বলেন, শরিয়াহ সম্পর্কে ইমারাতে ইসলামিয়ার অনুসৃত ব্যাখ্যার আলোকে নারীদের প্রয়োজনীয় অধিকার নিশ্চিত করাকে তারা নিজেদের দায়িত্ব মনে করে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা এমন মূল্যবোধের ভিত্তিতে নারীদের অধিকার নির্ধারণ করা হবে না, যা ইসলামি মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বা পশ্চিমা সংস্কৃতির প্রভাবিত।
মুখপাত্র আরও জানান, ইমারাতে ইসলামিয়া এমন ইসলামি আলেমদের দ্বারা পরিচালিত, যারা ধর্মীয় বিধান ও অধিকার বিষয়ে সুপরিচিত। তিনি আশ্বাস দেন, আফগান নারীরা শরিয়াহভিত্তিক তাদের অধিকার ভোগ করছেন।