প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, এক অর্থে সেইভাবে র্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পালটে যাচ্ছে।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না। নামও সম্ভবত পালটে যাচ্ছে। তবে তিনি স্পষ্ট করেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয় এবং এ নিয়ে সরকার কাজ করছে।
তিনি জানান, সোমবার র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন আইনের আওতায় বাহিনীটিকে পুনর্গঠনের কথা বলেছেন। মানবাধিকার সমুন্নত রেখে আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যেই সরকার এগোচ্ছে বলে জানান মন্ত্রী।
উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় একটি এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। সেটি র্যাব নামে হোক বা অন্য কোনো নামে—এর জন্য সুস্পষ্ট আইন ও কাঠামো থাকা দরকার।
উল্লেখ্য, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপিও সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব বিলুপ্তির দাবি তোলে।
সংবাদ সম্মেলনে সরকারের গত তিন মাসের কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।