জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমানে মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র পরাশক্তিগুলোর নির্যাতনের শিকার। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়, যা সমাজে সাম্য ও সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনো অর্থনৈতিক কষ্টে রয়েছে। সমাজের সচ্ছল ও অসচ্ছল মানুষ পরস্পরের সুখ-দুঃখ ভাগাভাগি করে সুন্দর ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারুক—সেজন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন।
নিজ নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে জন্মস্থানের মানুষের কাছে ফিরে আসা তার জন্য অত্যন্ত আনন্দের। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।