রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মা-বোনদের ইজ্জত নিয়ে কোনো ধরনের অপমান ও অপকর্ম বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াত আমির বলেন, আমরা চাই কর্মক্ষেত্রে নারীরা সম্মানের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন। তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তা-ঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। নারী-পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গড়ব।
‘আমরা কিছু বন্ধুদের বলতে চাই, মেহেরবানি করে মায়েদের ইজ্জতে কখনও টান দেবেন না। তাহলে আগুন জ্বলবে। সব সহ্য করব, কিন্তু মায়েদের ইজ্জতের বিষয়ে কিছু বরদাশত করব না,’ যোগ করেন তিনি।
১০ দলীয় জোটকে ভোট দেওয়ার মানে চাঁদাবাজির বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট। এবার মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবেন উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারি ট্যাক্সের বাইরে কিন্তু একটা ‘বেসরকারি ট্যাক্স’ আছে। রাস্তার পাশে বসে যে ভাই-বোনটি ভিক্ষা করে তার কাছ থেকেও ওই ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্স বন্ধ করে দেয়া হবে ইনশাআল্লাহ, ট্যাক্স নামের কোনো চাঁদাবাজি আর চলবে না।
জামায়াত আমির বলেন, দেশে আর কোনো ভোট চোরকে দেখতে চাই না। যারা নিজের দলের লোককে চাঁদাবাজি, দখলবাজ আর পাথর মেরে হত্যা থেকে রক্ষা করতে পারবে, তারাই আগামীর সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে। ঘুণে ধরা রাজনীতি ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য গণভোটে মানুষ ‘হ্যাঁ’ কেই জয়যুক্ত করবে।