১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া ও লেবুহ পুডু এলাকায় এক ‘সমন্বিত মেগা আইন প্রয়োগ অভিযানে’ ৪৭২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। চাঞ্চল্যকর তথ্য হলো, আটককৃতদের মধ্যে ৩৬৪ জনই বাংলাদেশি নাগরিক, যা মোট আটকের প্রায় ৭৭ শতাংশ। রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই অভিযান শুরু হয়।

কুয়ালালামপুরের অত্যন্ত ব্যস্ততম লেবুহ পুডু এবং জালান সিলাংয়ের কোতারায়া বাংলা মার্কেট এলাকায় বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের উপস্থিতি এবং সন্দেহজনক অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশিকে তল্লাশি করা হয়। এদের মধ্য থেকে ১৮ থেকে ৬২ বছর বয়সি ৪৭২ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়, যাদের মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী।

আটককৃতদের জাতীয়তা বিশ্লেষণে বাংলাদেশিদের একচ্ছত্র আধিপত্য দেখা গেছে। ৩৬4 জন বাংলাদেশির পর মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপালের ৮, ইন্দোনেশিয়ার ৭, পাকিস্তানের ৭, ভারতের ৬, চীনের ৩ এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক আটক হয়েছেন।

অভিবাসন বিভাগের কুয়ালালামপুর আঞ্চলিক পরিচালক দাতুক হামশা ইঞ্জাউ জানান, আটককৃতদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় ভ্রমণ নথি না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করা এবং কাজের অনুমতির শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সপ্তাহান্তে বিভিন্ন রাজ্য থেকে বিপুলসংখ্যক বিদেশি কুয়ালালামপুরে আসেন, তাদের অনেকের বৈধ নথি থাকলেও, যাচাই-বাছাই শেষে এই ৪৭২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অভিযান পরিচালনার সময় লেবুহ পুডু এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আইন প্রয়োগকারী দলের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করেন। তাদের আটক করতে গিয়ে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও শ্রমিকদের আবাসিক স্থাপনা ভেতর থেকে তালাবদ্ধ থাকায় সেগুলোর তালা ভেঙে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় একটি ভবনের ওপরের তলায় সন্দেহজনক স্থাপনা পাওয়া গেছে, যা পতিতাবৃত্তির আস্তানা হিসেবে ব্যবহৃত হতো বলে কর্তৃপক্ষ সন্দেহ করছে। এ ছাড়া বিদেশিদের কাছে অবৈধ ওষুধ বিক্রি করা একটি দোকানও শনাক্ত করা হয়েছে। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই লেবুহ পুডু ও কোতারায়ার অনেক ব্যবসাপ্রতিষ্ঠান দ্রুত ফাঁকা হয়ে যায়। কয়েকজন বিদেশি নিজেদের লুকাতে মুদ্রা বিনিময়কেন্দ্রে সাধারণ গ্রাহক সেজে অবস্থান নেওয়ার চেষ্টা করেন বলেও জানা গেছে।

এই মেগা অভিযানে ৩৩৭ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। এর মধ্যে অভিবাসন বিভাগের ২১৮ জন এবং বাকি ১১৯ জন ছিলেন কুয়ালালামপুর সিটি হল, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, জাতীয় নিবন্ধন বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্য।

আটককৃত সবাইকে পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থার জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। এক অভিযানে এত বিপুলসংখ্যক বাংলাদেশি আটকের ঘটনায় মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের বৈধতা ও কাগজপত্রের সঠিকতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে মালয়েশীয় কর্তৃপক্ষের বিদেশি নাগরিকদের বৈধতা, কর্মসংস্থান ও ব্যবসায়িক কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানোর প্রেক্ষাপটে এই অভিযান বাংলাদেশি অভিবাসীদের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

Home R3