১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ১২ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ১২ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নিহতদের মধ্যে একজনের মরদেহ সংশ্লিষ্ট দেশেই দাফন করা হয়েছে এবং ইতোমধ্যে ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। তাদের পরিবারের জন্য দাফন ব্যয় বাবদ ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে লেবাননে পাঁচজন, সৌদি আরবে তিনজন, সংযুক্ত আরব আমিরাতে দুজন এবং ইরাক ও বাহরাইনে একজন করে রয়েছেন।

আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও আটজন শিশুসহ মোট ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, অসুস্থ ও মৃত কর্মীদের পরিবহনের জন্য ঢাকা ও সিলেট বিমানবন্দরে দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। এছাড়া ঢাকা বিমানবন্দরে আরও দুটি অ্যাম্বুলেন্স রয়েছে।

তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সুবিধার্থে ২০০টি ট্রলি কেনার প্রক্রিয়া চলছে এবং আহত বা অসুস্থ প্রবাসীদের ওঠানামার সুবিধার্থে ১০টি হুইলচেয়ার সরবরাহ করা হয়েছে।

এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ স্থাপন, ৩০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসার জন্য মেডিক্যাল কর্নার স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

Home R3