বিদেশি পর্যটক, দক্ষ পেশাজীবী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং অভিবাসন প্রক্রিয়া সহজ করতে ভিসা নীতিতে একগুচ্ছ পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন ব্যবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা অনুমোদন, অন-অ্যারাইভাল ভিসা সম্প্রসারণ, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার শর্ত শিথিল এবং চিকিৎসাপ্রার্থীদের জন্য ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আরও ছয় দেশের নাগরিকদের জন্য সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরা ১৪ ও ৬০ দিনের ভিসা ক্যাটাগরিতে সহজে আমিরাতে প্রবেশ করতে পারবেন। আগে এই সুবিধা নির্দিষ্ট শর্তসাপেক্ষে ভারতীয় নাগরিকদের জন্য সীমিত ছিল।
দুবাই ভ্রমণে আগ্রহীদের জন্য পর্যটক ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের একবার প্রবেশযোগ্য ভিসা ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন দেওয়া হবে।
বিনিয়োগকারীদের জন্য দুই বছরের আবাসিক ভিসার শর্তেও পরিবর্তন আনা হয়েছে। আগে একক মালিকানার সম্পত্তির ক্ষেত্রে ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকা বাধ্যতামূলক ছিল, যা এখন বাতিল করা হয়েছে। তবে আবেদনকারীকে সম্পত্তির একক মালিক হতে হবে। যৌথ মালিকানার ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর অংশের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম নির্ধারণ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক আকাশসীমা বন্ধ ও বিমান চলাচলে বিঘ্নের কারণে নির্ধারিত সময়ের বেশি অবস্থানকারী দর্শনার্থীদের জরিমানা ছাড়াই অতিরিক্ত ৩০ দিন সময় দেওয়া হয়েছে। তবে আগামী ৯ জুলাইয়ের মধ্যে ভিসার অবস্থা নিয়মিত করা বা দেশ ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিকিৎসা পর্যটন খাতকে গতিশীল করতে ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে, যার মাধ্যমে ভিসা, আবাসন ও চিকিৎসাসেবা একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হবে।
অন্যদিকে, ইবোলা ভাইরাসের ঝুঁকি মোকাবিলায় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে আমিরাত।