২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিসা নিয়ে প্রবাসীদের সতর্ক করল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশভুয়া ওয়ার্ক ভিসা প্রদানকারীদের থেকে প্রবাসীদের সতর্ক করেছে। প্রবাসী ও চাকরি প্রত্যাশীদের ভুয়া ওয়ার্ক ভিসা দিয়ে প্রতারণা করছে কয়েকটি চক্র। এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে।

দুবাইয়ের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অধীন অ্যান্টি-ফ্রড সেন্টার জানিয়েছে, প্রতারক চক্রগুলো চাকরি ও ভিসা স্পনসরশিপের মিথ্যা আশ্বাস দিয়ে চাকরি প্রত্যাশীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, যেগুলোর কোনো আইনি ভিত্তি নেই।

চলমান #BewareOfFraud (প্রতারণা থেকে সতর্ক থাকুন) অভিযানের অংশ হিসেবে কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, ওয়ার্ক ভিসা পাওয়ার একমাত্র নিরাপদ উপায় হলো সরকারি অনুমোদিত চ্যানেল অথবা লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে আবেদন করা।

চাকরি প্রত্যাশীদের যেকোনো ভিসা প্রস্তাবের ক্ষেত্রে অর্থ প্রদান করার আগে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার পরামর্শ দিয়েছে পুলিশ। কাগজপত্র প্রক্রিয়াকরণের জন্য শুধুমাত্র অনুমোদিত অফিস ও সরকারি প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করতে বলা হয়েছে।

আইনি প্রক্রিয়ার বাইরে ‘নিশ্চিত’ ভিসা দেয়ার দাবি করা ব্যক্তি বা অনানুষ্ঠানিক গোষ্ঠীর ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ধরনের ভিসা ‘স্ক্যাম’ থেকে নিজে সুরক্ষিত রাখতে এবং অন্যকে সুরক্ষা দিতে প্রতারণার ঘটনা দ্রুত রিপোর্ট করার জন্য চাকরি প্রত্যাশীদের প্রতি আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ।

সূত্র: গালফ নিউজ