ভারতের গুজরাটে এক মুসলিম যুবককে পুলিশের গাড়ির বোনেটে বেঁধে লাঠি দিয়ে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে “ইয়া আল্লাহ, বাঁচাও” বলে চিৎকার করতে শোনা যায় ওই যুবককে।
মঙ্গলবার (১২ মে) সকালে আহমেদাবাদের ভেজালপুর এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে একটি আবাসিক এলাকার কাছে খোলা মাঠে গরু জবাইয়ের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারা ঝোপের আড়ালে কয়েকজনকে গরু জবাই করতে দেখে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
অভিযানে পুলিশ প্রায় ৫২০ কেজি মাংস জব্দ করে, যার মূল্য প্রায় ১ লাখ ৫৬ হাজার রুপি। এছাড়া একটি জীবিত বাছুর, ধারালো ছুরি, একটি অটোরিকশা, নম্বরবিহীন একটি গাড়ি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (বিএনএস), গুজরাট প্রাণী সংরক্ষণ আইন এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মোট নয়জনের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গুজরাটে গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের এমন আচরণ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
সূত্র : মুসলিম মিরর