১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের মহারাষ্ট্রে তিন মুসলিম স্কুলছাত্রকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ

ভারতের মহারাষ্ট্রের লাতুর জেলায় তিন মুসলিম স্কুলছাত্রকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ১০ জুলাই রেনাপুরের খারোলা গ্রামে ঘটে।

অভিযোগ অনুযায়ী, ১৩ থেকে ১৫ বছর বয়সী তিন ছাত্রকে বিদ্যুতের তার চুরির অভিযোগে ধরে আনে একদল মারাঠা ব্যক্তি। পরে তাদের বেল্ট, বৈদ্যুতিক তার ও পাইপ দিয়ে মারধর করা হয়। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম মুসলিম মিররে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদেরও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে তিন ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তাদের শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন ছিল।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পুলিশ শুরুতে হামলাকারীদের বিরুদ্ধে মামলা নেয়নি। বরং প্রধান অভিযুক্তের চুরির অভিযোগ আগে নথিভুক্ত করা হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়।

পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। তবে দুই দিনের মধ্যেই তারা জামিন পান। পরিবারের দাবি, হামলাকারীরা ধর্মীয় বিদ্বেষমূলক গালিগালাজ করেছে। যদিও পুলিশ বলছে, ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক কোনো উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়নি।

Home R3