‘আজকে বাস থেকে না নামলে নির্ঘাত মারা যেতাম। আমি সাঁতার পারি না। আজ অনেক বড় একটি বিপদ থেকে বাঁচলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি।’
এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন এসবি সুপার ডিলাক্সের যাত্রী মৌমিতা শেখ। তিনি কুষ্টিয়ার মজমপুর থেকে একাই এসবি সুপার ডিলাক্সের বাসে উঠেছিলেন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, সকাল ৭টার দিকে কুষ্টিয়ার মজমপুর থেকে এসবি সুপার ডিলাক্সে উঠি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাসটি সাড়ে ৯টার একটু আগে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটে আসে। ফেরিঘাটে প্রবেশের আগেই বাসের সুপারভাইজার সব যাত্রীদের নেমে যেতে বলে। তখন আমিসহ অন্যান্যরা নেমে পড়ি। নেমে যখন সংযোগ সড়কের পাশ দিয়ে হেঁটে আসি তখন দেখি বাসটি ফুল স্পিডে সামনের দিকে এগিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল। আমরা বাস থেকে সবাই নেমে গিয়েছিলাম বলে আজ বেঁচে আছি।
তিনি বলেন, ঘাট ব্যবস্থাপনায় সরকারের আরও পদক্ষেপ নেওয়া উচিত। সংযোগ সড়কটি অনেক খাড়া। এখানে সরকারের আরও কাজ করা উচিত। না হলে এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবে। দুর্ঘটনার কারণগুলো সরকারের সঠিকভাবে খতিয়ে দেখা উচিত।