২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীদের জন্য সৌদি আরবের কড়া হুঁশিয়ারি

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আগত কর্মীদের জন্য কাজের অনুমতির (ওয়ার্ক পারমিট) নিয়ম লঙ্ঘন করে নিজস্ব উদ্যোগে বা তথাকথিত ‘স্বাধীনভাবে’ (ফ্রি ভিসায়) কাজ করার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ কর্মসংস্থান বন্ধের লক্ষ্যে এই নতুন হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট নিয়োগকর্তার বাইরে গিয়ে প্রবাসীদের স্বাধীনভাবে কাজ করা দেশটির আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব বিদেশি কর্মীকে সৌদি আরবের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষ প্রকাশিত নতুন নীতিমালা অনুযায়ী, অপরাধের পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে। প্রথমবার অপরাধের ক্ষেত্রে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা)। দ্বিতীয়বার অপরাধের ক্ষেত্রে ২৫ হাজার রিয়াল জরিমানা (প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা) এবং এক মাসের কারাদণ্ড। আর তৃতীয় বা তার বেশিবার অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা (প্রায় ১৬ লাখ ৪১ হাজার টাকা), ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং সবশেষে নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠানো হবে।

নতুন আইন অনুযায়ী, শুধুমাত্র অবৈধভাবে কাজ করা কর্মীই নয়, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রবাসীদের নিজ উদ্যোগে কাজ করতে বা অনুমোদনহীন নিয়োগে সহায়তা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কর্মীদের নিয়োগ দেওয়া, পরিবহন করা, আশ্রয় দেওয়া বা তথ্য গোপন রাখার অপরাধে পৃথক শাস্তির বিধান রাখা হয়েছে। এসব অপরাধের ক্ষেত্রে জরিমানার পরিমাণ সর্বোচ্চ এক লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ ৮৩ হাজার টাকা) এবং ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।

Home R3