২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীদের জন্য ওমানের নতুন নিয়ম

ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) ইস্যু ও নবায়ন বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর মাধ্যমে ২০২২ সালে চালু হওয়া সেই নীতিতে পরিবর্তন এলো, যার আওতায় প্রবাসীরা ৬০ বছর পার হওয়ার পরও বেসরকারি খাতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেতেন।

রোববার (২৩ আগস্ট) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কয়েকজন প্রবাসী কর্মীর নিয়োগকর্তা জানিয়েছেন যে শেষ মুহূর্তে জমা দেওয়া ওয়ার্ক পারমিট নবায়নের আবেদনগুলো কর্তৃপক্ষ বাতিল করেছে। বিষয়টি নিশ্চিত করে এক কর্মকর্তা জানান, বর্তমানে ৬০ বছরের বেশি বয়সী বিদেশি কর্মীদের জন্য নতুন কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করা হচ্ছে না।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে শ্রম মন্ত্রণালয়ের এক নীতিমালার অধীনে অভিজ্ঞ প্রবাসীদের ধরে রাখতে এবং উৎপাদনশীলতা বজায় রাখতে ৬০ বছর ঊর্ধ্বদের বেসরকারি খাতে কাজের বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল। বিশেষ করে যেসব পদে স্থানীয় ওমানি নাগরিকদের নিয়োগ বাধ্যতামূলক ছিল না, সেগুলোতে এই সুবিধা পেতেন বিদেশিরা।

নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটিতে দীর্ঘদিন ধরে কর্মরত প্রবীণ প্রবাসীদের মধ্যে চাকরি ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত ওমানের শ্রম মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে কোনো লিখিত আনুষ্ঠানিক নির্দেশিকা প্রকাশ করা হয়নি।

Home R3