সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে সম্প্রতি গঠিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা (অব.) হুমায়ুন কবির সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
তিনি জানান, জাতীয় স্বার্থ এবং বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ এই অর্থনৈতিক ও প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখছে। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সরকার।
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে গত ৭ আগস্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়।
ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার আদলে গঠিত এ চুক্তিতে বলা হয়েছে, সদস্য যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি সব দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির মৌলিক নীতিগুলো মেনে চলতে প্রস্তুত এমন যেকোনো দেশের জন্য এই জোটে যোগদানের দ্বার উন্মুক্ত রয়েছে।