১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: বিরোধীদলীয় নেতা

দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটি আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক এ টি এম মাহবুব ই ইলাহী।

শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি পাচ্ছে না। অথচ কালোবাজারে আড়াই থেকে তিন গুণ বেশি দামে তেল বিক্রি হচ্ছে। তার অভিযোগ, সিন্ডিকেটের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং মাঝে মাঝে লোকদেখানো অভিযান চালানো হলেও কার্যকর সমাধান আসছে না।

তিনি আরও বলেন, সংসদে সরকারি দলের বক্তব্য শুনলে মনে হয় দেশ তেলে ভাসছে, কিন্তু বাস্তবে জনগণ তীব্র সংকটে ভুগছে।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ৬০ থেকে ৯০ দিনের মজুত নিশ্চিত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিকল্প জ্বালানি উৎপাদনে এগোতে হবে এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

ক্ষমতাসীনদের বিরুদ্ধে সিন্ডিকেট পোষণের অভিযোগ তুলে তিনি বলেন, উন্নত দেশগুলো ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমালেও বাংলাদেশে সে ধরনের উদ্যোগ দৃশ্যমান নয়।

ব্যাংকিং খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, খাতটি লুটপাটের পরিস্থিতিতে পৌঁছেছে এবং প্রয়োজনীয় সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে।

সেমিনারে তিনি আরও বলেন, কৃষির বিপর্যয় মানেই দেশের বিপর্যয়। কৃষিকে টিকিয়ে রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি, অন্যথায় সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় সংসদের কার্যক্রম নিয়েও সমালোচনা করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী এখনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি, তবে ভবিষ্যতে উন্নতির আশা রয়েছে।