বিদেশগামী প্রবাসীদের অস্থায়ী আবাসন সুবিধা বাড়াতে রাজধানীর আশকোনাস্থ হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার সকালে হজ্জ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, বিদেশে গমনেচ্ছু কর্মীদের জরুরি প্রয়োজন, ফ্লাইট বিলম্ব বা বাতিলের মতো পরিস্থিতিতে স্বল্পমেয়াদি অবস্থান ও রাত্রিযাপনের সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও ধর্মমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই আবাসন ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। নতুন এই সুবিধায় পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি শয্যা থাকবে।
বর্তমানে মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টার’-এ ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হজ্জ ক্যাম্পে অতিরিক্ত ১০০ শয্যার ব্যবস্থা চালু হলে প্রবাসীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।
তিনি আরও বলেন, যুদ্ধ, বৈরী আবহাওয়া বা অন্যান্য কারণে হঠাৎ ফ্লাইট বাতিল বা বিলম্ব হলে প্রবাসীরা প্রায়ই আবাসন সংকটে পড়েন। নতুন এই উদ্যোগ সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে।
এ প্রকল্পের অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’।
পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।