২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জুমার খুতবা ও ইমামতি করে প্রসংশায় ভাসছেন ইউএনও

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করে স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের পাশের একটি মসজিদে জুমার জামাতে তিনি অংশগ্রহণ করেন। এতে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুতবায় তিনি ইসলামের মৌলিক শিক্ষা, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

খুতবা শেষে তিনি জুমার নামাজে ইমামতি করেন। এ সময় উপস্থিত মুসল্লিরা তার পেছনে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন।

দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, প্রশাসনের একজন কর্মকর্তার এ ধরনের ধর্মীয় ও সামাজিক সম্পৃক্ততা স্থানীয় জনগণের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

এর আগে ঈদুল আজহায় তিনি সবাইকে একত্রে ঈদগাহ মাঠে নামাজ আদায়ের উদ্যোগ গ্রহণ করেছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মতে, প্রশাসনের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।