২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গণভোট অবৈধ হলে ধানের শীষের বিজয়ও অবৈধ: মাওলানা মামুনুল হক

একই দিনে, একই নির্বাচন কমিশনের মাধ্যমে এবং একই তফসিলের অধীনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়ে থাকলে সংসদ নির্বাচনের ফল বৈধ আর গণভোটের ফল অবৈধ হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

তিনি বলেছেন, ‘একই দিনে, একই নির্বাচন কমিশনের মাধ্যমে, একই তফসিলের অধীনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের ফলাফল বৈধ হলে গণভোটের ফলাফল কীভাবে অবৈধ হয়? গণভোট যদি অবৈধ হয়, তাহলে ধানের শীষের বিজয়ও অবৈধ।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) খুলনার নিউমার্কেটস্থ বাইতুল নূর মসজিদ চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু নির্বাচনের মাত্র ২ মাসের ব্যবধানে বাংলাদেশ খেলাফত মজলিস সারাদেশে নাগরিক সমাবেশের কর্মসূচি পালন করছে। এর কারণ সরকারকে অস্থিতিশীল করা নয়, বরং জনগণের অধিকার, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জনগণের কাছে তুলে ধরা।’

তিনি বলেন, ‘আমরা বলছি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীও বিভিন্ন বক্তব্যে বলেছেন, সরকার অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। তাহলে আমাদের সঙ্গে সরকারের মতপার্থক্য কোথায়, এই প্রশ্নের উত্তর জনগণকে বুঝতে হবে।’

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার বিষয়টি তুলে ধরে খেলাফত মজলিসের আমীর বলেন, ‘একই দিনে জনগণের হাতে ২টি ব্যালট ছিল। একটি সংসদ নির্বাচনের জন্য, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতীক ছিল। অন্যটি ছিল গণভোটের ব্যালট, যেখানে ছিল ‘হ্যাঁ’ ও ‘না’। অর্থাৎ একই নির্বাচন কমিশন, একই তফসিল ও একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

Home R3