১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থান অনুমতি ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা হয়েছে। দেশটির মানবসম্পদ ও আমিরাতিয়াকরণ মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবাজারকে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি প্রোগ্রাম’-এর আওতায় চালু হওয়া এই সংস্কারের ফলে এখন থেকে সম্পূর্ণ কাগজবিহীন ও ডিজিটাল পদ্ধতিতে ওয়ার্ক পারমিটের আবেদন করা যাবে। কোনো ধরনের সহায়ক নথিপত্র ছাড়াই আবেদন সম্পন্ন করা সম্ভব হবে, যা নিয়োগ প্রক্রিয়াকে দ্রুততর করবে।

মন্ত্রণালয় জানিয়েছে, কিছু নির্দিষ্ট পারমিটের ক্ষেত্রে তথ্য প্রদানের বাধ্যবাধকতা ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এতে সময় ও প্রশাসনিক জটিলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

সংস্কারের অংশ হিসেবে আগামী ৩০ জুলাই পর্যন্ত একটি অনলাইন গণপরামর্শ কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ জনগণ ও সেবাগ্রহীতারা নতুন ব্যবস্থার ওপর মতামত ও পরামর্শ দিতে পারবেন।

ডিজিটাল সেবাকে সহজ করতে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যার মাধ্যমে নিয়োগকর্তা ও কর্মীরা ঘরে বসেই সকল আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

নতুন নীতিমালার অধীনে বর্তমানে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে। এর মধ্যে দুই বছর মেয়াদি বাহিরাগত কর্মী নিয়োগ পারমিট, চাকরি পরিবর্তনের জন্য ট্রান্সফার পারমিট, ফ্যামিলি স্পনসরড পারমিট, মিশন ও টেম্পোরারি পারমিট উল্লেখযোগ্য।

এছাড়া ফ্রিল্যান্স ও পার্ট-টাইম কাজের সুযোগ বাড়াতে বিশেষ পারমিট চালু করা হয়েছে। নির্দিষ্ট শর্তে একাধিক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগও দেওয়া হয়েছে।

তরুণ ও শিক্ষার্থীদের জন্য জুভেনাইল ও স্টুডেন্ট ট্রেইনিং পারমিট চালু করা হয়েছে। পাশাপাশি স্থানীয় নাগরিকদের দক্ষতা উন্নয়নে ট্রেইনি পারমিটের ব্যবস্থাও রাখা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, এই উদ্যোগ বেসরকারি খাতের উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি কর্মীদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Home R3