২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

গত বছরের ২৩ জুলাই তাকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার পদত্যাগের মধ্যেই ব্যাংকটিতে চলমান অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে।

এদিকে গ্রাহকদের আন্দোলনের মুখে রোববারের নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, যিনি চলতি মাসের ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন, তাকেও পদত্যাগ করতে হতে পারে—এমন আলোচনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের পর বাংলাদেশ ব্যাংক সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। তবে বিভিন্ন অভিযোগ ও তার পরিবারের ব্যাংক হিসাব তলবের পর তিনি ১৭ জুলাই পদত্যাগ করেন। পরে জুবায়দুর রহমানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ড. জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ইতালির ইউনিভার্সিটি অব বোকোনি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় (আরবানা-শ্যাম্পেইন) এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর ও স্কলার হিসেবে কাজ করেছেন।

তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা উপাচার্যও ছিলেন।