১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভাবছে মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তার দেশ ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশনের কাঠামোর মধ্যে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি যাচাই করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ কথা বলেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, যেকোনো সিদ্ধান্ত আফগানিস্তানের পরিস্থিতির ওপর নির্ভর করবে। এর মধ্যে রয়েছে ন্যায়বিচার নিশ্চিত করা, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন, নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করা।

তিনি আরও জানান, তিনি ইমারাতে ইসলামিয়ার প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মাদ হাসান আখুন্দের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা এবং দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টাকে মালয়েশিয়া সমর্থন করছে। তুরস্ক, কাতার এবং সৌদি আরবের মতো দেশগুলো এ প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে।

সাম্প্রতিক আমেরিকা ও ইসরাইলের হামলার পর আফগানিস্তান ও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন।

ইমারাতে ইসলামিয়া প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ আফগানিস্তান ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন।

Home R3