২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের আমেরিকা সফরকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং সফরসঙ্গীদের মার্কিন ভিসা সংগ্রহের প্রক্রিয়াও এগিয়ে চলছে। ইতোমধ্যে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে পাঠানো একটি ‘নোট ভার্বাল’-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কর্মকর্তারা জানান, সরকারপ্রধান হিসেবে এবারই প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান। অধিবেশনের মূল পর্বে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি সাইডলাইনে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেবেন। নিউইয়র্কের পর্ব শেষে তার সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হবেন।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনটি বাংলাদেশের জন্য একটি বিশেষ কূটনৈতিক মাইলফলক। কারণ, অধিবেশনটিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ভারত সফর নিয়ে আলোচনা চললেও তা এখনো চূড়ান্ত রূপ নেয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, দ্বিপক্ষীয় এই সফরের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।

Home R3