২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আমিরাতের ভিসা নিয়ে বড় সুখবর

সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে আগ্রহীদের জন্য বড় সুখবর এসেছে। দেশটি এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ট্যুরিস্ট ভিসা ইস্যুর সুবিধা চালু করেছে, ফলে ভ্রমণ প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুত ও সহজ হয়েছে।

শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দ্রুত ভিসা সুবিধার পাশাপাশি হোটেল বুকিং, ডেজার্ট সাফারি, জেট স্কি ও বিভিন্ন পর্যটন কার্যক্রমে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে।

ট্রাভেল এজেন্টদের মতে, ভিসা প্রক্রিয়া সহজ হওয়া এবং বিভিন্ন খাতে ডিসকাউন্ট থাকার কারণে আমিরাত এখন আরও সাশ্রয়ী পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে। গ্রীষ্মকালীন মৌসুমে অনেক হোটেলে রুম ভাড়া প্রায় ১৩৯ দিরহাম থেকেও শুরু হচ্ছে।

দুবাইয়ের জনপ্রিয় ডেজার্ট সাফারি, যা শীতকালে প্রায় ১৫০ দিরহাম পর্যন্ত খরচ হয়, তা গ্রীষ্মে প্রায় ৫০ দিরহামের মধ্যে পাওয়া যাচ্ছে। একইভাবে জেট স্কি, বাগি রাইডসহ বিভিন্ন অ্যাক্টিভিটিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

বিশেষ করে বুর্জ আল আরব ও আটলান্টিসের মতো স্থাপনা ঘুরে দেখার জন্য জেট স্কি রাইড পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানি বলেন, দ্রুত ভিসা সুবিধার কারণে পর্যটকদের আগ্রহ বাড়বে এবং স্বল্প সময়ে ভ্রমণ পরিকল্পনা করা সহজ হবে।

ট্রাভেল বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মকালীন ছাড়ের কারণে আমিরাত এখন বাজেট-বান্ধব ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। তারা পর্যটকদের বিভিন্ন অফার যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সব মিলিয়ে, কম খরচে বিলাসবহুল দুবাই ভ্রমণ এখন আরও সহজ ও আকর্ষণীয় হয়ে উঠছে।

সূত্র: খালিজ টাইমস

Home R3