আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে গত চার সপ্তাহে ৯০ হাজারের বেশি দেশি-বিদেমি পর্যটক ভ্রমণ করেছেন। আবহাওয়া উষ্ণ হওয়ায় প্রদেশটির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পর্যটকদের ভিড় বেড়েছে।
পাঞ্জশির প্রাদেশিক সরকারের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশই পর্যটকদের আকৃষ্ট করছে।
শনিবার (৯ মে) আফগান গণমাাধ্যম হুররিয়াত রেডিওর প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে আরও বলা হয়, আফগান পর্যটকদের পাশাপাশি সম্প্রতি ১৬ জন বিদেশি নাগরিকও পাঞ্জশিরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেখানে গেছেন।
পর্যটকদের বাড়তি উপস্থিতির কারণে প্রাদেশিক গভর্নর হাফিজ মোহাম্মদ আগা হাকিম সংশ্লিষ্ট সব দপ্তর, বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে পর্যটকদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি পর্যটকদের হিজাব পরিধান, অবস্থানকালে ইসলামী শরিয়তের বিধান মেনে চলা এবং স্থানীয় বাসিন্দাদের বিরক্ত হতে পারে—এমন কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
সূত্র : হুররিয়াত রেডিও