কওমি মাদরাসাসংশ্লিষ্ট কিছু বিচ্ছিন্ন ঘটনা ও অভিযোগকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একমুখী প্রচারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। এ প্রেক্ষিতে অভিযোগ যাচাই, তথ্য-উপাত্ত সংগ্রহ ও ফ্যাক্ট-চেকিংয়ের জন্য কেন্দ্রীয় ‘কওমি মাদরাসা পর্যবেক্ষণ সেল’ গঠন এবং একটি হটলাইন চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘কওমি মাদরাসা বিরোধী অপপ্রচার রোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ শীর্ষক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশনায় আয়োজিত সভায় সংগঠনটির অধীন ছয়টি কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন কো-চেয়ারম্যান ও বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা শেখ সাজিদুর রহমান।
সভায় বক্তারা বলেন, কোনো অপরাধ, অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হলে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তবে সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে কওমি মাদরাসার দীর্ঘদিনের অবদান রয়েছে। অথচ কিছু ঘটনার দায় পুরো ব্যবস্থার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সভায় বলা হয়, কোনো তথ্য বা সংবাদ যাচাই ছাড়া গ্রহণ বা প্রচার না করতে এবং গণমাধ্যমকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, কওমি মাদরাসাসংক্রান্ত অভিযোগ ও তথ্য গ্রহণের জন্য ০১৭০০-৭৬৩১৭৮ নম্বরে (হোয়াটসঅ্যাপ) একটি হটলাইন চালু করা হয়েছে। এ নম্বরে মেসেজ, ভয়েস কল, ছবি, ভিডিও ও প্রয়োজনীয় নথি পাঠানো যাবে।
এছাড়া ছয়টি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় ‘কওমি মাদরাসা পর্যবেক্ষণ সেল’ গঠন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি বোর্ড তাদের অধিভুক্ত মাদরাসাগুলোর কার্যক্রম তদারকির জন্য পৃথক মনিটরিং সেল গঠন করবে।
সভায় কওমি মাদরাসাসংক্রান্ত বিষয়ে আইনি সহায়তা প্রদানের জন্য অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে একটি ‘লিগ্যাল প্যানেল’ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।
কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেলের সদস্য হিসেবে আল্লামা শেখ সাজিদুর রহমান, মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আব্দুল বছীর, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা একরাম হোসাইন ওয়াদুদী, মাওলানা মুহসিন শরীফ এবং মাওলানা মুফতি মোহাম্মদ আলী মনোনীত হয়েছেন।
সভায় প্রতিনিধিরা কওমি মাদরাসার শিক্ষার মান, নিরাপদ পরিবেশ ও জবাবদিহিতা নিশ্চিত করতে তদারকি জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে অপরাধ, অনিয়ম ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং নিরপরাধ শিক্ষক ও প্রতিষ্ঠানের পক্ষে আইনগত সহায়তা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।