জাতীয় সংসদে জ্বালানি তেলের সংকট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী। তিনি জানিয়েছেন, রাজধানীর আটটি পাম্প ঘুরেও তেল না পেয়ে শেষ পর্যন্ত লোকাল বাসে করে সংসদে যেতে হয়েছে তাকে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সালাহ উদ্দিন আইউবী বলেন, তেল সংকটের কারণে নিজ এলাকায় গাড়ি চালাতে না পেরে ভাড়া করা গাড়ি নিয়ে ঢাকায় আসেন। তবে ঢাকায়ও একাধিক পাম্পে ঘুরেও তেল না পেয়ে গাড়ি রেখে দিতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত লোকাল পরিবহনে করে সংসদে উপস্থিত হন।
সরকারি বক্তব্যের সঙ্গে বাস্তবতার অমিল তুলে ধরে তিনি বলেন, জ্বালানি মন্ত্রী সংসদে বলেছেন দেশে তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
বক্তব্যে তিনি তার নির্বাচনী এলাকা কাপাসিয়ার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এলাকায় গ্যাসের মূল লাইন থাকলেও স্থানীয়রা সংযোগ পাচ্ছেন না, ফলে শিল্প-কারখানা গড়ে ওঠেনি এবং কর্মসংস্থানের অভাবে তরুণদের মধ্যে সামাজিক সমস্যাও বাড়ছে।
এছাড়া, এলাকায় অবকাঠামোগত দুরবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, মোট ১ হাজার ৭৪২ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ১ হাজার ১৬০ কিলোমিটারই এখনো কাঁচা, যা বর্ষাকালে জনদুর্ভোগ বাড়ায়।
শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত সেতুর টোল নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নির্মাণ ব্যয়ের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায় হলেও এখনো টোল বন্ধ করা হয়নি। তিনি দ্রুত এই টোল প্রত্যাহারের দাবি জানান।