জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশ স্বাধীনের পর ৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছে। এবার শান্ত হও এবং দাঁড়িপাল্লাকে দেশ চালানোর সুযোগ দাও। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা হ্যাঁ ভোট দেবেন এবং দাঁড়িপাল্লায় ভোট দেবেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান মিয়ার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত সেক্রেটারি বলেন, এক নেতা বলেছেন- জামায়াতের নারীরা যদি ভোট চাইতে যায়, তাদের কাপড় খুলে নেওয়া হবে। ভোটের আগে যদি তোমরা মায়ের কাপড় খুলতে পারো, তাহলে ভোটের পরে পুরো বাংলাদেশের কাপড় খুলে নেবে। তাহলে আমাদেরকে মা-বোনদের ইজ্জত রক্ষার্থে এই খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করবো দাঁড়িপাল্লাকে বিজয়ী করে।
তিনি বলেন, এত মানুষের রক্ত, জুলাই আন্দোলনে শহীদ, আহত ও মানুষে স্বপ্ন ভুলুন্ঠিত হতে দেওয়া যাবে না। গ্রামে গ্রামে এখন দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। সেই জোয়ার দেখে আমাদের বন্ধুদের মাথা এলোমেলো হয়ে গেছে। কোনো এলোমেলোতে কাজ হবে না। তারা এখন আবার না ভোটের কথা বলে বেড়ায়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনারা জানেন ঘুরে ফিরে তিনটি দল দেশ চালিয়ে পরীক্ষিত। পরীক্ষিত মানে হচ্ছে নৈতিকতা, সততা, আদর্শ, আখলাক, দেশপ্রেম, মমত্ববোধ, মানবতা এবং মানুষত্বের সকল পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে। এখানে অনেক দলের লোক আছেন, আমার বক্তব্য শুনছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তাদের দলের নেতারা কি বলতে পারবে তাদের শাসন আমলে দুর্নীতি করেননি। তারা এদেশে ভিন্ন মতের লোকদের দমন নিপীড়ন করেছেন, বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন। পাশাপাশি এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। কিন্তু তারা মানুষকে যে ওয়াদা দিয়েছে তা রাখতে পারেনি। তারা দেশটাকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পয়িন বানিয়েছে। যার ফলে বিশ্বের দরবারে আমরা লজ্জিত ছিলাম।