৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন মাওলানা ফজলুর রহমান

পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর অব্যাহত হস্তক্ষেপ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান। পেশোয়ারে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় সেনা কর্মকর্তাদের ১৯৭১ সালের ঐতিহাসিক পরাজয় ও আত্মসমর্পণের স্মৃতি মনে করিয়ে দিয়ে সতর্ক করেন তিনি।

বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, নিজেদের যত শক্তিশালীই ভাবা হোক না কেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর সেই লজ্জাজনক পরাজয়ের ইতিহাস ভুলে যাওয়া উচিত নয়। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে তৎকালীন সেনাশাসক জেনারেল ইয়াহিয়া খান শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার বড় বড় ঘোষণা দিয়েছিলেন, অথচ পরদিনই পাকিস্তানি বাহিনীকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে হয়েছিল। বর্তমান সামরিক নেতৃত্বকে সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষ যখন চরম কষ্টে দিন কাটাচ্ছে, তখন সেনাবাহিনী কীভাবে এত উদাসীন থাকতে পারে।

কয়েক দশক ধরে চলা অপ্রয়োজনীয় সংঘাত ও জুলুম-অত্যাচারের কারণে দেশে রক্তপাত অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, এভাবে চলতে থাকলে খোদ পাকিস্তানের ভৌগোলিক অস্তিত্বই মারাত্মক হুমকির মুখে পড়বে।

সামরিক নেতৃত্বের উদ্দেশে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই প্রবীণ রাজনীতিবিদ বলেন, রাজনীতি করার এতই শখ থাকলে সামরিক পোশাক খুলে নির্বাচনে অংশ নিন; তখনই বোঝা যাবে দেশের জনগণ আপনাদের কতটা গ্রহণ করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Home R3