সংগৃহীত ছবি
মালয়েশিয়ার কেদাহ রাজ্যে আটক বাংলাদেশিসহ ৯টি দেশের মোট ১৪০ জন অনিয়মিত অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। একই সঙ্গে তারা যাতে ভবিষ্যতে আর কখনো মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন, সে জন্য তাদের নাম কালো তালিকাভুক্ত করে আজীবন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১ ও টার্মিনাল ২ দিয়ে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়।
কেদাহ রাজ্যের সিক এলাকায় অবস্থিত অভিবাসন বিভাগের বেলান্তিক ডিটেনশন ডিপোতে আটক ছিলেন এসব অভিবাসী। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১১৭ জন পুরুষ, ২১ জন নারী এবং দুটি শিশু রয়েছে। তারা মিয়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও কেনিয়ার নাগরিক।
মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়েছিল। অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিরা আইনের আওতায় নির্ধারিত মেয়াদের সাজা ভোগ সম্পন্ন করার পরই তাদের ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। তাদের নিজ দেশে ফেরার বিমান টিকিটের ব্যয়ভার বহন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের পরিবার কিংবা নিজ নিজ দেশের দূতাবাস।
মালয়েশিয়ার ভূখণ্ডে অবৈধভাবে পুনরায় অনুপ্রবেশ ঠেকাতে অভিবাসন বিভাগের কেন্দ্রীয় ডেটাবেজে তাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। ফলে ভবিষ্যতে তারা আর কখনোই দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন না।
কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশে অবৈধ অভিবাসীদের উপস্থিতি শূন্যে নামিয়ে আনতে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবেই এই প্রত্যাবাসন সম্পন্ন করা হলো। জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ, আটক, আইনি বিচার এবং নিজ দেশে ফেরত পাঠানোর ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে।