তুরস্কের কাছে ‘ক্ষতিপূরণ’ হিসেবে ১ বিলিয়ন ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ের জন্য দাবি করে বিতর্কের জন্ম দিয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি এ দাবি জানান। কাইনেরুগাবা উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে।
তিনি অভিযোগ করেন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় উগান্ডার অবদান যথাযথভাবে স্বীকৃতি পায়নি এবং এ কারণে তাদের আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্য। তার দাবি, তুরস্ক সোমালিয়ার বিভিন্ন বন্দর, বিমানবন্দর ও অবকাঠামো প্রকল্প থেকে লাভবান হলেও দীর্ঘদিন ধরে নিরাপত্তা নিশ্চিত করছে উগান্ডা।
এই প্রেক্ষাপটে তিনি তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ‘নিরাপত্তা লভ্যাংশ’ দাবি করেন। একই সঙ্গে হুমকি দিয়ে বলেন, তার দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এবং রাজধানী কাম্পালায় তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।
বিতর্ক আরও বাড়িয়ে তিনি তুরস্ককে দেশটির ‘সবচেয়ে সুন্দর নারী’ তাকে বিয়ের জন্য দেওয়ার আহ্বান জানান।
নিজের পোস্টে তিনি বলেন, তুরস্ক চাইলে উগান্ডার দূতাবাসও বন্ধ করতে পারে, এতে তাদের কোনো আপত্তি নেই। একই সঙ্গে তিনি উগান্ডাবাসীদের নিরাপত্তার স্বার্থে তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেন।
প্রতিবেদন অনুযায়ী, উগান্ডা প্রায় দুই দশক ধরে আফ্রিকান ইউনিয়ন মিশনের অংশ হিসেবে সোমালিয়ায় সেনা মোতায়েন করে আসছে, যেখানে আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে তারা।
একই পোস্টে তিনি ইসরাইলের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘পবিত্র ভূমি রক্ষায়’ প্রয়োজনে এক লাখ উগান্ডার সেনা পাঠাতে প্রস্তুত।
উল্লেখ্য, কাইনেরুগাবা এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। ২০২২ সালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়ে ১০০টি গরু দেওয়ার কথাও বলেছিলেন তিনি।
সূত্র: এনডিটিভি