৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

পারস্য উপসাগর অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায়, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ‘আলি আল-সালেম’ এবং বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

হামলার পর এক বিবৃতিতে আইআরজিসি জানায়, পরবর্তীতে যেকোনো ধরনের উসকানি বা আগ্রাসন চালানো হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন রুট হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।

আইআরজিসির দাবি অনুযায়ী, হরমুজ প্রণালিতে ট্যাঙ্কারের চলাচলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর ইরানি যোগাযোগ স্থাপনায় মার্কিন ড্রোন হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ভোররাতে কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার সতর্কতা উপেক্ষা করে প্রণালি অতিক্রমের চেষ্টা করলে একটি ট্যাঙ্কারে আঘাত হানা হয় এবং বাকি জাহাজগুলো ফিরে যেতে বাধ্য হয়। এরপরই ইরানের যোগাযোগ টাওয়ারে মার্কিন ড্রোন হামলা চালানো হয় বলে দাবি করা হয়।

এর প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানায় আইআরজিসি। তারা সতর্ক করে জানায়, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

ইরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি বড় ধরনের সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Home R3